নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।
রোববার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির সংস্কারের উদাহরণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তার সময় আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে, একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম।’
বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে তিনি নেতাকর্মীদের আরও বেশি প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল প্রমুখ।


