NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
শনিবার , ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ব্যাংকে টাকা নাই তবু মনোনয়নপ্রত্যাশী নেতাকে ১০ লাখ টাকা উপহার দিলেন বিএনপি কর্মী

অনলাইন ডেস্ক

ব্যাংক হিসাবে মাত্র ৩ হাজার ৪১২ টাকা তবু সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এক নেতাকে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছেন এক কর্মী। ঘটনাটি জানাজানি হতেই আলোচনায় উঠে এসেছেন ওই কর্মী, নূর কাসেম (৩৭)।

ঘটনাটি ঘটে শনিবার বিকেলে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আয়োজিত এক সমাবেশে। মঞ্চে উঠে বিএনপির কর্মী নূর কাসেম দলের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। চেকটি হাতে নিয়েই কামরুজ্জামান সেটি সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের দেখান।

নূর কাসেম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক হলেও ইট কেনাবেচার ছোটখাটো ব্যবসা করেন তিনি। শিক্ষাগতভাবে অশিক্ষিত, কেবলমাত্র নিজের নাম স্বাক্ষর করতে পারেন। তাঁর বাবা প্রয়াত সামসুদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার চালান।

মুঠোফোনে যোগাযোগ করলে নূর কাসেম বলেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩ হাজার ৪১২ টাকা আছে। তবু কেন ১০ লাখ টাকার চেক দিলেন এ প্রশ্নে তিনি বলেন, “আমি কামরুল ভাইরে ভালা পাই। উনি গরিবের পক্ষে কথা কয়। মনের আবেগে দিছি। আমার এত টেকা নাই, কিন্তু যদি দরকার হয়, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে ওটা বিক্রি কইরা দিমু।”

তিনি আরও জানান, “আমি সমাবেশ দেখতে গেছিলাম। মানুষ দেখে আবেগে ভাসছিলাম। তাই এক মালা আর একটা চেক দিছি উনারে। আমি খারাপ মানুষ না, কাম করি খাই। শিক্ষিত না, রাজনীতি বুঝি না, শুধু উনারে ভালা পাই।”

অন্যদিকে মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল জানিয়েছেন, নূর কাসেমের দেওয়া চেকটি তিনি গ্রহণ করবেন না। বিষয়টিকে তিনি একজন কর্মীর ভালোবাসা হিসেবেই দেখছেন। কামরুল বলেন, “সমাবেশে হাজারো মানুষ ছিলেন কেউ ফুলের মালা, কেউ টাকার মালা দিয়েছে। হঠাৎ করেই নূর কাসেম এসে ১০ লাখ টাকার চেক দিলেন। এটি তাঁর আন্তরিক ভালোবাসা। আমি চেকটি তাঁর হাতে ফিরিয়ে দেব।”

তিনি আরও জানান, “আজ (রোববার) বিকেলে আমার আরেকটি কর্মসূচি আছে, সেখানে আমি নিজ হাতে নূর কাসেমকে চেকটি ফেরত দেব।”

উল্লেখ্য, জামালগঞ্জের সাচনা বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশটি ছিল বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ। সভায় প্রধান অতিথি ছিলেন কামরুজ্জামান কামরুল। এসময় কর্মীরা তাঁকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ–১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আরও রয়েছেন প্রয়াত সাবেক সাংসদ নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুল হক, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ