বানারীপাড়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ জেলা প্রশাসকের কাছে

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ বায়েজিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ অভিযোগে উপজেলার ইলুহার গ্রামের বাসিন্দা মো. তরিকুল ইসলাম ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখে বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী তরিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, নিজের জন্মসনদে ভুল তথ্য থাকায় তিনি ইউনিয়ন তথ্য কেন্দ্রের মাধ্যমে সংশোধনের আবেদন করেন। পরে সুপারিশের জন্য আবেদনপত্রের হার্ডকপি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গেলে ইউএনও তাকে প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রাখেন।
পরবর্তীতে ডেকে নিয়ে বলেন, “জন্মতারিখ সংশোধন করা সম্ভব নয়।”তরিকুল ইসলাম জানান, তিনি জাতীয় পরিচয়পত্র, এসএসসি সার্টিফিকেট ও পাসপোর্টের কপি দিয়ে জন্মতারিখের প্রমাণ দেখান। এরপর ইউএনও তাকে তার সহকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। সহকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি তরিকুলকে ‘টাকার ইঙ্গিত’ দেন এবং বিষয়টি সম্পন্ন করতে ‘বেশ খরচ হবে’ বলে জানান।তিনি অভিযোগ করেন, ঘুষ না দেওয়ায় তার আবেদনটি গ্রহণ না করে রেজিস্টার শাখায় পাঠিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়।এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এর আগেও অনুরূপ অভিযোগে একাধিক ভুক্তভোগী বর্তমান ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ করেছেন।তরিকুল ইসলাম তার লিখিত অভিযোগে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান, যেন সাধারণ মানুষ সরকারি সেবা পেতে হয়রানি ও অনৈতিক দাবির শিকার না হয়— সে জন্য অভিযুক্ত ইউএনওকে অন্যত্র বদলি করা হয়।এ বিষয়ে ইউএনও মোহাম্মদ বায়েজিদুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।প্রতিবেদন: মাহমুদুল হাসানবানারীপাড়া প্রতিনিধিতারিখ: ২ নভেম্বর ২০২৫


