NewsHoursLive.Com

বস্তুনিষ্ঠ সংবাদ বিনোদন সারাদিন

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২
সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

আবুধাবিতে মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

ইউএই প্রতিনিধি

ছবি: আমির হোসেন ও নাসির উদ্দিন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫) বর্তমানে আবুধাবির মাফরাক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমানে খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে।

আহত মোক্তার আলী জানান, সেদিন ভোরে তিনি বন্ধু নাসির উদ্দিনকে নিয়ে আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে গাড়িতে ত্রুটি দেখা দিলে রাস্তার পাশে থামিয়ে সাহায্যের জন্য বন্ধু রুবেলকে ফোন করেন।

রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কুল্যান্টে পানি ঢালার সময় মোক্তারকে ইঞ্জিন চালু করতে বলেন। সে সময় রুবেল ও নাসির দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ছয়চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

তীব্র ধাক্কায় তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান রুবেল, মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান নাসির।

নিহত দুই প্রবাসী দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল প্রবাসে ছিলেন ১৮ বছর, নাসির ১৭ বছর ধরে। রুবেল রেখে গেছেন স্ত্রী, ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে। নাসিরের রয়েছে ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে।

দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ