দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা।
সাময়িক বহিষ্কৃত আনসারুল হক বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আনসারুল বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্র শিবিরের সভাপতি।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাসে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ক্যাম্পাসে এক পক্ষের হামলায় তিনজন শিক্ষার্থী আহত হন।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের ইংরেজি বিভাগের সাব্বির আহমেদ, ২১তম ব্যাচের অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগের নাঈমুর রহমান এবং হিসাব বিজ্ঞান বিভাগের জয়। তবে সাব্বিরের দাবি তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
তবে ছুরিকাঘাতের ঘটনা সত্য নয় দাবি করে শিবির নেতা আনসারুল বলেন, তিনি টিউশন করে শহর থেকে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাস থেকে নামার পর প্রতিপক্ষরাই তাকে মারপিট করেছে বলে দাবি তার।


