নিজস্ব প্রতিবেদক

আগামী ১৯শে অক্টোবর থেকে রাজধানীর মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে শুক্রবার চলবে আগের সূচিতেই। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯শে অক্টোবর উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন উভয় প্রান্ত থেকে ১ ঘণ্টা বর্ধিত সময়ে ট্রেন চলাচল করবে। ডিএমটিসিএল’র তথ্যমতে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং সর্বশেষ রাতে সাড়ে ৯টায় ছেড়ে যাবে। অন্যদিকে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭ টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। ডিএমটিসিএল’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার মেট্রোরেলে সময়সূচি আগের ন্যায় অপরিবর্তিত থাকবে।
মেট্রোরেলের ১৩টি ট্রেনে বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী যাতায়াত করে। বহরে থাকা কিছু ট্রেন কাজে লাগাচ্ছে ডিএমটিসিএল। মেট্রোরেলের লাইন ৬-এর আওতায় নিয়মিত উত্তরা থেকে মতিঝিল রুটে ট্রেন চলছে। এই রুটের জন্য নির্ধারিত ২৪ সেট ট্রেন রয়েছে। ২৪ সেটের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ ট্রেন নিয়মিত যাত্রী বহন করছে। নিয়মিত ওই রুটে ১৩ সেট ট্রেন চলাচল করছে এখন। এর বাইরে তিন সেট ট্রেন রাখা হয়েছে বিশেষ প্রয়োজনে। নির্বিঘ্নে যাত্রী পরিবহনের সুবিধার্থে, যাত্রী লাইন ও সংকেত ব্যবস্থা যাচাই করার জন্য একটি ট্রেন রয়েছে, যা সকালে চলে। অন্যদিকে, ২৪টি ট্রেনের মধ্যে অবশিষ্ট ৭ সেট ট্রেন ব্যবহার হচ্ছে না। মেট্রোরেলের নতুন করে সময় বাড়িয়ে ২০ সেট ট্রেন কাজে লাগাতে চায় ডিএমটিসিএল। ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, পর্যায়ক্রমে সেবা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য পর্যাপ্ত পরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। ট্রিপ বাড়াতে আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল করতে হবে। আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।


