স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণপত্র পৌঁছে দেন কমিশনের সদস্যরা। বুধবার মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার পক্ষে থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।


