রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। ছবি– রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছাত্রশিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা ও রোকেয়া হলের কেন্দ্রে ভোট দেওয়ার গোপন কক্ষে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত কাগজ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমার কাছে ভিডিও ফুটেজ এসেছে একটু আগে। রহমাতুন্নেছা ও রোকেয়া হলের ভোটারদের ভোট দেওয়ার যে গোপন কক্ষ, সেখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নাম সম্বলিত টোকেন পাওয়া যাচ্ছে। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। যদি গোপন কক্ষে কেউ তাদের ব্যালট নম্বর লিখা টোকেন রেখে যায়, তাহলে আচরণবিধি অনুযায়ী তাদের যে শাস্তি দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উচিত সেই ব্যবস্থা নেওয়া।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসার সাবিনা সুলতানা বলেন, অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। আমি আপনাদের কাছেই শুনলাম। যে শিক্ষার্থী আপনাদের কাছে অভিযোগ দিয়েছেন, তিনি আমাদের এই বিষয়ে কিছুই জানাননি।
উল্লেখ, এবারের রাকসুতে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ভোট দেবেন। রাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী রয়েছে। এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ পদে মোট ৫৮ জন প্রার্থী লড়বে। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।


